ঢাকা আইনজীবী সমিতির ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বিএনপিপন্থি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল, বহুল পরিচিত নীল প্যানেল, নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলাফলে দেখা গেছে, ২৩টি পদের সবকটিতেই জয় পেয়েছে নীল প্যানেলের প্রার্থীরা।
এই নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি পদে জয়লাভ করেছেন বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের সহ-সভাপতি শেখ শওকত হোসেন। আইনজীবী মহলে দীর্ঘদিনের সক্রিয় সাংগঠনিক ভূমিকা এবং জাতীয়তাবাদী ধারার আইনজীবীদের মধ্যে গ্রহণযোগ্যতার কারণে তার এই বিজয়কে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের প্রতিটি গুরুত্বপূর্ণ পদই নিজেদের দখলে নিয়েছে জাতীয়তাবাদী ঐক্য প্যানেল। আইনজীবী সমিতির ইতিহাসে এটি নীল প্যানেলের জন্য একটি পূর্ণাঙ্গ ও একতরফা জয়ের নজির হিসেবে বিবেচিত হচ্ছে।
অন্যদিকে জামায়াতে ইসলামী ও এনসিপি সমর্থিত সবুজ প্যানেল এই নির্বাচনে কোনো পদেই জয়লাভ করতে পারেনি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে তাদের পুরো প্যানেলই পরাজিত হওয়ায় আইনজীবী অঙ্গনে নতুন রাজনৈতিক বার্তা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে দীর্ঘদিন পর বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীদের সরাসরি আলাদা লড়াইয়ে নামা এবং সেখানে বিএনপিপন্থিদের শতভাগ সাফল্য রাজনৈতিকভাবেও তাৎপর্য বহন করছে।
সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, ঢাকা বার দেশের অন্যতম বৃহৎ ও প্রভাবশালী আইনজীবী সংগঠন হওয়ায় এখানকার নির্বাচন কেবল পেশাজীবী নেতৃত্ব নির্ধারণই নয়, জাতীয় রাজনীতিরও একটি সূচক হিসেবে বিবেচিত হয়। সে দিক থেকে এবারের নির্বাচনে নীল প্যানেলের এ ভূমিধস জয়কে জাতীয়তাবাদী আইনজীবী বলয়ের শক্ত অবস্থানের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
শেখ শওকত হোসেনের বিজয়ে তার অনুসারী আইনজীবীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। তারা মনে করছেন, আদালতপাড়ায় অধিকারভিত্তিক আইনজীবী রাজনীতিকে আরও সুসংগঠিত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।
