ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নব-নির্বাচিত সংসদ-সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল রবিবার, ৩ মে ২০২৬ তারিখে রাত ৯টায় অনুষ্ঠিত হবে।
সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথ কক্ষে এই বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে ৩০০টি সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয় এবং বাকি ৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়। এই সংরক্ষিত আসনগুলো সংসদে প্রতিনিধিত্বের আনুপাতিক হার অনুযায়ী নির্বাচিত দলগুলোর মধ্যে বণ্টন করা হয়ে থাকে।
সেই বণ্টন অনুযায়ী বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা মিলে ১টি সংরক্ষিত আসন পাচ্ছেন।
আগামীকালের এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ পূর্ণাঙ্গ রূপ লাভ করবে বলে আশা করা হচ্ছে। শপথ সম্পন্ন হলে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ-সদস্যরা আনুষ্ঠানিকভাবে সংসদের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ-সদস্যদের শপথ অনুষ্ঠান এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছিল।
সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ে শপথ কক্ষে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
