২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণের সময় বাড়িয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষর রয়েছে।
এতে বলা হয়েছে, শিক্ষার্থীরা আগামী ৬ মে পর্যন্ত ফরম পূরণের সুযোগ পাবেন। তবে ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৭ মে পর্যন্ত এবং এ সময়ের মধ্যে বিলম্ব ফি প্রযোজ্য হবে।
বোর্ডের আওতাধীন দেশের সব আলিম পর্যায়ের মাদরাসার অধ্যক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে বর্ধিত সময়সীমার মধ্যে ফরম পূরণের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কোনো শিক্ষার্থী যেন ফরম পূরণ থেকে বাদ না পড়ে সেই বিষয়টি নিশ্চিত করতে মাদরাসা প্রধানদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।
