সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×
আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, মে মাসজুড়ে কালবৈশাখী ও দাবদাহের সতর্কতা

প্রথম সমাচার ডেস্ক ০৩ মে ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

তীব্র তাপপ্রবাহের পর দেশে বৃষ্টি শুরু হলেও স্বস্তি মিলছে না। বরং মে মাসজুড়ে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসে দেশে ঘূর্ণিঝড়, তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অধিদপ্তরের উপপরিচালক এস এম কামরুল হাসানের সই করা একমাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে। এর মধ্যে অন্তত একটি বা দুটি ক্রমশ শক্তি সঞ্চয় করে নিম্নচাপ থেকে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

একই সঙ্গে সারা দেশে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং তিন থেকে পাঁচ দিন হালকা কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আজ রোববার (৩ মে) একাধিক জেলায় বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের নদীবন্দরগুলোর উপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুধু ঝড়-বৃষ্টিই নয়, তীব্র গরমও ফিরে আসার শঙ্কা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দেশে এক থেকে তিনটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এর মধ্যে একটি তাপপ্রবাহ তীব্র রূপ নিয়ে ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এই পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জনসাধারণকে ঝড়ের সময় ঘরে অবস্থান করতে এবং অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সরঞ্জামের সংযোগ বিচ্ছিন্ন রাখা, গাছ ও বিদ্যুতের খুঁটি থেকে দূরে থাকা এবং জলাশয় এড়িয়ে চলার কথাও বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...