সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

চীনে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ২৬, আহত ৬১

আন্তর্জাতিক প্রথম সমাচার ০৫ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

চীনের হুনান প্রদেশের লিউইয়াং শহরে হুয়াশেং আতশবাজি কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৬ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬১ জন।

৪ মে, স্থানীয় সময় সোমবার বিকাল সাড়ে চারটার দিকে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার ভয়াবহতা এখনও পুরোপুরি নিরূপণ করা সম্ভব হয়নি, কারণ উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের আকাশ থেকে তোলা দৃশ্যে দেখা যাচ্ছে, কারখানার বিস্তীর্ণ এলাকাজুড়ে ভবন ও স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং বিভিন্ন স্থানে ধোঁয়া উড়ছে। বিস্ফোরণের পরপরই পাঁচটি উদ্ধারকারী দলে মোট প্রায় ৫০০ জন কর্মী ঘটনাস্থলে পাঠানো হয়।

কারখানার পার্শ্ববর্তী দুটি বারুদের গুদাম থেকে আরও বিস্ফোরণের আশঙ্কায় দুই মাইল ব্যাসার্ধের পুরো এলাকা খালি করে দেওয়া হয়েছে। উদ্ধার অভিযানে রোবট মোতায়েন করা হয়েছে এবং পানি ছিটিয়ে ও আর্দ্রতা বৃদ্ধির মাধ্যমে নতুন বিপদ এড়ানোর চেষ্টা করা হচ্ছে।

চ্যাংশার মেয়র জানিয়েছেন, ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান মোটামুটি সম্পন্ন হয়েছে, তবে নিহতের সংখ্যা চূড়ান্ত যাচাই এবং ভুক্তভোগীদের শনাক্তকরণ এখনও চলছে। পুলিশ ইতিমধ্যে কোম্পানির দায়িত্বশীল ব্যক্তিকে আটক করেছে এবং বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

রাষ্ট্রপতি শি জিনপিং দ্রুত তদন্তের নির্দেশ দিয়ে বলেছেন, দায়ীদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং নিখোঁজদের সন্ধানে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ শিল্প খাতে ঝুঁকি মূল্যায়ন ও জননিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করার নির্দেশও দিয়েছেন তিনি।

উল্লেখ্য, লিউইয়াং শহর চীনের আতশবাজি শিল্পের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। দেশটির মোট আতশবাজি রপ্তানির প্রায় ৭০ শতাংশ এবং অভ্যন্তরীণ বাজারের ৬০ শতাংশ এই শহর থেকেই সরবরাহ হয়। এর আগে ২০১৯ সালে একই শহরে অনুরূপ একটি দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছিলেন।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...