মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাবে দ্রুত কমে যাচ্ছে বৈশ্বিক অপরিশোধিত তেলের মজুদ। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে নতুন করে ঊর্ধ্বগতির আশঙ্কা দেখা দিয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম Financial Times-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মজুদ প্রায় ২০০ মিলিয়ন ব্যারেল কমে গেছে। জ্বালানি বিশ্লেষকদের মতে, এই ঘাটতি দৈনিক প্রায় ৬ দশমিক ৬ মিলিয়ন ব্যারেলের সমান, যা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ওপর বড় চাপ তৈরি করছে।
S&P Global Energy-এর ক্রুড গবেষণা বিভাগের প্রধান সতর্ক করে বলেছেন, বাজারে একটি নিশ্চিত ধাক্কা আসছে এবং তেলের দাম আরও বাড়তে পারে। তার মতে, বর্তমান সংকটের সবচেয়ে কঠিন সময় এখনো সামনে রয়েছে।
বিশ্লেষকদের আশঙ্কা, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বৈশ্বিক তেলের মজুদ সংকটজনক সীমার নিচে নেমে যেতে পারে। এতে সরবরাহ ঘাটতি তৈরি হলে আন্তর্জাতিক বাজারে হঠাৎ করেই দাম বেড়ে যেতে পারে।
বর্তমানে বিশ্বে মোট তেলের মজুদ প্রায় ৪ বিলিয়ন ব্যারেল থাকলেও এর বড় অংশ পাইপলাইন সচল রাখা, রিফাইনারি পরিচালনা ও অন্যান্য অবকাঠামোগত ব্যবস্থাপনার জন্য সংরক্ষিত। ফলে প্রয়োজনের সময় সব মজুদ সরাসরি বাজারে ছাড়া সম্ভব হয় না।
জ্বালানি বাজার সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে, যার প্রভাব পড়বে আমদানিনির্ভর দেশগুলোর অর্থনীতিতেও।
