ইসরাইল ও লেবাননের মধ্যে ঘোষিত অস্ত্রবিরতি কার্যত ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কয়েক সপ্তাহের তুলনামূলক বিরতির পর বুধবার (৬ মে) লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলী দাহিয়েহ এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
অনলাইনে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, হামলায় দাহিয়েহ এলাকার একাধিক ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বিশ্লেষকদের আশঙ্কা, বৈরুতে এই হামলা চলমান সংঘাতকে আরও ভয়াবহ রূপ দিতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বৈরুত প্রতিনিধি হুগো বাচেগা জানিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে এবং গত কয়েক দিনে বেসামরিক নাগরিকসহ শতাধিক মানুষ নিহত হয়েছেন।
ইসরাইলের দাবি, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অস্ত্রবিরতির শর্ত লঙ্ঘন করায় তারা পাল্টা অভিযান চালাচ্ছে। তবে হিজবুল্লাহ অভিযোগ করেছে, চুক্তি ভঙ্গ করেছে ইসরাইলই এবং এর জবাবে তারা দক্ষিণ লেবানন ও উত্তর ইসরাইলের দখলকৃত এলাকাগুলোতে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে।
শান্তি ফেরানোর লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তির বাস্তব প্রতিফলন এখন মাঠপর্যায়ে দেখা যাচ্ছে না। উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ও হামলার ফলে মধ্যপ্রাচ্যের এই সীমান্ত অঞ্চল আবারও বড় ধরনের সংঘাতের মুখে পড়েছে।
বিশেষ করে জনবহুল বৈরুতে সাম্প্রতিক বিমান হামলা নতুন করে আঞ্চলিক যুদ্ধের শঙ্কা বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
সূত্র: বিবিসি
