প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম সভা অনুষ্ঠিত হয়েছে।
এটি তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম নিকার সভা। বৈঠকে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠাসহ দেশের চারটি জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়।
বগুড়া পৌরসভাকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে উন্নীত করা হয়েছে। বগুড়া সদর উপজেলার ১৮টি ওয়ার্ড এবং শাজাহানপুর উপজেলার ৩টি ওয়ার্ডের অংশবিশেষ নিয়ে এই সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে বগুড়া পৌরসভা এলাকায় প্রায় ১০ লাখ মানুষের বসবাস এবং প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব প্রায় ৬ হাজার ৮০ জন।
উল্লেখ্য, বিদ্যমান নিয়ম অনুযায়ী নিকার সভায় কোনো প্রস্তাব উপস্থাপনের আগে প্রাক-নিকার সচিব কমিটির অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। সেই প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করার পরই আজকের বৈঠকে সব প্রস্তাব চূড়ান্ত অনুমোদন লাভ করে।
