সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলার দাবি ইরানের

প্রথম সমাচার ডেস্ক ০৮ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

ইরানের জলসীমায় একটি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে পাল্টা আক্রমণের দাবি করেছে তেহরান। এ ঘটনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি নতুন করে উত্তেজনার মুখে পড়েছে।

ইরানের খতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র আঞ্চলিক কয়েকটি দেশের সহযোগিতায় ইরানের বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। এর জবাবে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ড্রোন ব্যবহার করে মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলা চালায়।

ইরানি সামরিক বাহিনীর দাবি, এই হামলায় মার্কিন নৌবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ দাবি অস্বীকার করে জানিয়েছে, তারা ইরানের হামলা প্রতিহত করেছে এবং মার্কিন কোনো সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি।

এদিকে কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও মিনাব শহরে বিস্ফোরণের শব্দ শোনার খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম দাবি করেছে, ইরানি হামলার মুখে তিনটি মার্কিন ডেস্ট্রয়ার ওমান উপসাগরের দিকে সরে যেতে বাধ্য হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলাকে ‘লাভ ট্যাপ’ বা ‘মৃদু টোকা’ বলে উল্লেখ করলেও দাবি করেছেন, যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে। তবে পরিস্থিতি নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...