সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×
বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট সিরিজ

বউয়ের গালির ভয়ে মুমিনুলের আক্ষেপ!

ক্রিকেট সমাচার ০৮ মে ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে দলের জন্য দুর্দান্ত ব্যাটিং করলেও ব্যক্তিগত মাইলফলক ছুঁতে পারলেন না মুমিনুল হক। ২০০ বল মোকাবেলা করে ৯১ রানে আউট হয়ে মাঠ ছাড়েন এই অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার। ক্যারিয়ারে এই প্রথমবার ‘নার্ভাস নাইন্টি’র শিকার হলেন তিনি।

ইনিংসের ৭৪তম ওভারে পাকিস্তানের স্পিনার নোমান আলীর একটি বল ভেতরে স্কিড করে ঢোকে। লাইন মিস করে লেগ বিফোরের ফাঁদে পড়েন মুমিনুল। রিভিউ নিলেও সিদ্ধান্ত তার পক্ষে আসেনি, ফলে ১৪তম সেঞ্চুরির স্বপ্ন অপূর্ণই থেকে যায়।

দিন শেষে সংবাদ সম্মেলনে এসে সেঞ্চুরি মিসের আক্ষেপ জানাতে গিয়ে হাসিমাখা মুখে মুমিনুল বললেন, সবচেয়ে বড় দুশ্চিন্তা এখন বাড়ি ফেরা নিয়ে। বললেন, “বউয়ের জন্যই এই আক্ষেপটা হচ্ছে, বউ হয়তো গালি দিবে।” এই রসিক মন্তব্যে হাসির রোল পড়ে যায় সংবাদ সম্মেলন কক্ষে।

তবে দলের জন্য তার অবদান কিন্তু ছোট নয়। দুই ওপেনার দ্রুত ফিরে যাওয়ার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে তৃতীয় উইকেটে ১৭০ রানের রেকর্ড জুটি গড়েন মুমিনুল। পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের তৃতীয় উইকেটে সর্বোচ্চ জুটি।

ওই জুটিতে শান্ত ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন ১৩০ বলে। তবে সেঞ্চুরির পরের বলেই আব্বাসের ইনসুইংগারে এলবিডব্লিউ হয়ে ফিরে যান তিনি। এরপর মুমিনুলের বিদায়ের আগ পর্যন্ত মুশফিকুর রহিমের সঙ্গে আরও ৭৫ রানের জুটি গড়েন তিনি।

দিনশেষে বাংলাদেশ ৪ উইকেটে ৩০১ রানের শক্ত অবস্থানে রয়েছে। মুশফিক ৪৮ রানে অপরাজিত, লিটন দাস দ্বিতীয় দিন শুরু করবেন ৮ রানে।

উল্লেখ্য, মুমিনুল এখনও টেস্টে ৫,০০০ রানের মাইলফলক থেকে মাত্র ১৪১ রান দূরে। এই কীর্তি গড়লে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে এই ক্লাবে প্রবেশ করবেন তিনি।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...