সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×
রবীন্দ্র জন্মবার্ষিকী

রবীন্দ্রনাথের কবিতায় অনুপ্রাণিত হয়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে

প্রথম সমাচার ডেস্ক ০৯ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় উদ্বুদ্ধ হয়ে এ দেশের জনগণ দীর্ঘ ১৭ বছর লড়াই-সংগ্রাম করে বাংলাদেশকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করেছে।

আজ শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত চারদিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবীন্দ্রনাথের কবিতার উদ্ধৃতি দিয়ে চীফ হুইপ বলেন, “সত্য যে কঠিন, কঠিনেরে আমি ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা।” তিনি বলেন, এ দেশের মানুষ কঠিন বাস্তবতাকে ভালোবেসে দীর্ঘ সংগ্রাম চালিয়ে গেছে। সেই সংগ্রাম জনগণকে বঞ্চিত করেনি — তারা একটি নতুন সকালের দেখা পেয়েছে।

তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ তাঁর সময়ের চেয়ে অনেক অগ্রগামী চিন্তার মানুষ ছিলেন। তাঁর “ওরে নবীন, ওরে আমার কাঁচা” কবিতার আবেগ আমাদের জীবনের সঙ্গে মিশে আছে।

সমাজে যখনই স্থবিরতা আসে, তখনই নবীনরা সমাজকে জাগিয়ে তোলে। মুক্তিযুদ্ধের সময়ও রবীন্দ্রনাথের কবিতা ও গান ছিল জাতির প্রেরণার উৎস।

চীফ হুইপ রবীন্দ্রনাথকে একজন বহুমাত্রিক প্রতিভাধর ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে বলেন, সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তিনি বিচরণ করেননি। কবি, সুরকার, অভিনেতা ও ঔপন্যাসিক হিসেবে তিনি বাংলাদেশের সংগীত ও সংস্কৃতিকে অপরিসীমভাবে সমৃদ্ধ করেছেন।

বর্তমান প্রজন্মের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, তরুণরা রবীন্দ্রনাথের সাহিত্য পড়ে নিজেদের সমৃদ্ধ করবে এবং দেশকে সাহিত্য, সংস্কৃতি ও সমাজব্যবস্থার দিক থেকে এগিয়ে নিয়ে যাবে। তিনি অপসংস্কৃতি ও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে বেরিয়ে এসে নিজস্ব সাংস্কৃতিক সত্তায় ফিরে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে চীফ হুইপকে শুভেচ্ছা স্মারক প্রদান ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এতে শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

খবর জাতীয় সংসদ পেইজ

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...