সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

সংস্কার প্রস্তাবনা নিয়ে এনসিপির সংলাপ, অংশ নিলেন কূটনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা

প্রথম সমাচার ডেস্ক ১০ মে ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

রাজধানীর একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সংস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে সংস্কার বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা এবং ঢাকার সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সংলাপে সম্প্রতি অনুষ্ঠিত জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশন থেকে উঠে আসা বিশেষজ্ঞদের সুপারিশ ও প্রস্তাবনাগুলো লিখিত আকারে উপস্থাপন করা হয়। আয়োজকরা জানান, এসব প্রস্তাব দেশের কাঠামোগত সংস্কার ও নীতিগত পরিবর্তনের আলোচনাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। পরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন।

উন্মুক্ত আলোচনা পর্বে International Republican Institute (আইআরআই), Democracy International (ডিআই), নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড ও ডেনমার্ক দূতাবাসের প্রতিনিধিরা মতামত তুলে ধরেন। এছাড়া সাবেক নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য মো. আবদুল আলীম এবং নাগরিক কোয়ালিশনের সহসমন্বয়ক ফাহিম মাসরুর আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানের শেষাংশে ধন্যবাদ জ্ঞাপন করেন এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপি নেত্রী ও সংসদ সদস্য মাহমুদা আলম মিতু এবং দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...