নাটোরের লালপুর উপজেলায় সরকারি ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত কাজল হোসেন (৪৫) নামের ওই ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার রাতে উপজেলার অমৃতপাড়া গ্রামে অভিযান চালিয়ে লালপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন এই দণ্ডাদেশ দেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কাজল হোসেন নিজেকে প্রভাবশালী ব্যক্তি পরিচয় দিয়ে ভুক্তভোগী রেবেকা বেগমের বাড়িতে যান। সেখানে তিনি সরকারি ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। বিনিময়ে ১০ হাজার টাকা দাবি করলে রেবেকা বেগমের সন্দেহ হয়। পরে তিনি বিষয়টি স্থানীয় কয়েকজনকে জানান।
এ সময় এলাকাবাসী কাজল হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তাঁর কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। স্থানীয়দের ধারণা হয়, তিনি প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়।
লালপুর উপজেলা প্রশাসন জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি অর্থ আদায়ের চেষ্টার কথা স্বীকার করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন এ ধরনের প্রতারণার বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
