রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

প্রথম সমাচার ডেস্ক ১৩ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বুধবার (১৩ মে) সকাল ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে গত কয়েক সপ্তাহ ধরে তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবশেষে আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন।

রাজনৈতিক জীবন

১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের মীরসরাই উপজেলার ধুম গ্রামে জন্মগ্রহণ করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ১৯৬৬ সালে লাহোরের ইঞ্জিনিয়ারিং ও কারিগরী বিশ্ববিদ্যালয় থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

তিনি ১৯৭০ সালে প্রথম তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালসহ মোট সাতবার চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

মুক্তিযুদ্ধে ভূমিকা

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি সাহসী ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তানি বাহিনীর অগ্রযাত্রা রুখতে তাঁর নেতৃত্বে শুভপুর ব্রিজ উড়িয়ে দেওয়া হয়, যা চট্টগ্রাম রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শেষ পর্যায়

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। জুলাই গণ-অভ্যুত্থান-সংক্রান্ত হত্যা মামলাসহ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ছিল। অসুস্থতার কারণে পরে তিনি জামিন লাভ করেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করেন।

তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...