হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত ৬ মাস বয়সী শিশু নূর নাহারের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছেন ডা. জুবাইদা রহমান। গণমাধ্যমে শিশুটির অসহায় পরিস্থিতি নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি তার নজরে আসে।
জানা গেছে, জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর বোর্ড অব ডিরেক্টরস কমিটির ভাইস-প্রেসিডেন্ট এবং স্বেচ্ছাসেবী সংগঠন সুরভি–এর অন্যতম সংগঠক ডা. জুবাইদা রহমান শিশুটির চিকিৎসা ও পরিবারটির সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হয় আমরা বিএনপি পরিবার–কে।
এর ধারাবাহিকতায় বুধবার বিকেলে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল–এ যান ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন–এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তারা শিশুটির মা স্বর্ণা আক্তারের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেন।
প্রতিনিধি দল জানায়, নূর নাহারের উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে এবং অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, ড্যাব কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, আব্দুল্লাহ আল মিসবাহ এবং মশিউর রহমান মহান।
প্রকাশিত তথ্যে জানা যায়, কেরানীগঞ্জ–এর বাসিন্দা স্বর্ণা আক্তারের শিশু কন্যা নূর নাহার দীর্ঘদিন ধরে জ্বর, কাশি, ঠাণ্ডা ও শ্বাসকষ্টে ভুগছিল। পরে তার হাম ও নিউমোনিয়া শনাক্ত হয়। বর্তমানে শিশুটির ওজন মাত্র ৩ কেজিতে নেমে এসেছে, যা স্বাভাবিকের তুলনায় অনেক কম।
শিশুটির মা চরম আর্থিক সংকটের মধ্যে একাই চিকিৎসার ব্যয় বহন করার চেষ্টা করছিলেন। চিকিৎসা চালাতে গিয়ে তাকে ধারদেনাও করতে হয়েছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানোয় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
