প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সফরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ওঠে — তিনি আদৌ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন কিনা। সেই বিতর্কের জবাব দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
বুধবার (১৩ মে) রাতে নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন এবং মাস দুয়েক নিয়মিত ক্লাসও করেছিলেন।
আইন বিভাগের উপরের ব্যাচের শিক্ষার্থী হিসেবে সেই সময়েই বিষয়টি তাঁর জানা ছিল বলে উল্লেখ করেন আসিফ নজরুল।
তিনি জানান, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে রয়েছেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব।
পড়াশোনা অসম্পূর্ণ থাকার কারণ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, তখন দেশে এরশাদের প্রবল শাসন চলছিল। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার সঙ্গে এরশাদের সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় সম্ভবত নিরাপত্তাজনিত কারণেই তারেক রহমানের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বন্ধ হয়ে যায়।
বিভিন্ন তথ্যসূত্র বলছে— তারেক রহমান পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে বিষয় পরিবর্তন করে ভর্তি হয়েছিলেন বলে জানা যায়।
