ভূমি সংক্রান্ত জটিলতা ও অনিয়ম দূর করতে উন্নত দেশের আদলে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজশাহী নগরীর পদ্মা কমিউনিটি সেন্টারে সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল উদ্দেশ্য হলো সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করা। মন্ত্রণালয় বিদ্যমান আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে নির্দেশনা দেওয়া হচ্ছে। যেখানে অনিয়ম বা জটিলতা রয়েছে, সেসব চিহ্নিত করে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, একক সেবা কেন্দ্র চালু হলে সাধারণ মানুষ একই স্থানে প্রয়োজনীয় ভূমি-সংক্রান্ত সেবা পাবেন। এতে সময় ও ভোগান্তি কমবে এবং সেবার মান বাড়বে বলে আশা করা হচ্ছে।
রাজশাহীর উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, উত্তরাঞ্চলে শিল্পঘন পরিবেশ তৈরির মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে আইটি খাতে বিনিয়োগ বাড়িয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
