সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

বজ্রবৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন জেলায়

প্রথম সমাচার ডেস্ক ১৬ মে ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন অঞ্চলে রাতভর বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। শুক্রবার (১৫ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পূর্বাভাসে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার পর থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর বিভাগের সব জেলাতেই বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম ও রংপুর জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

খুলনা বিভাগের বেশির ভাগ জেলায় রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে বলে উল্লেখ করা হয়। এই বৃষ্টি রাত ৩টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বিভাগের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি।

সিলেট বিভাগের সব জেলায় রাত ৩টার পর থেকে সকাল ১০টার মধ্যে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে বিভাগের দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাজশাহী বিভাগের বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও নওগাঁ জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি বলে জানানো হয়েছে।

এ ছাড়া বরিশাল বিভাগের সব জেলায় রাত ২টা থেকে সকাল ৮টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতেও রাত ৩টার পর থেকে সকাল পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া সংশ্লিষ্টরা বজ্রপাতের সময় অপ্রয়োজনে খোলা স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে কৃষক, জেলে ও নৌযান চালকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...