বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের হুশিয়ারি

আমাদের হাত পাকিস্তানের গলা পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা রাখে

প্রথম সমাচার ডেস্ক ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

আফগানিস্তানের বর্তমান তালেবান সরকার ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত এক ভয়াবহ রূপ নিয়েছে। আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে ইসলামাবাদকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানান, পাকিস্তান যদি তাদের সামরিক অভিযান অব্যাহত রাখে, তবে ইসলামিক এমিরেটের সশস্ত্র বাহিনী যথাযথ ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করবে না।

জাবিহুল্লাহ মুজাহিদ সতর্ক করে বলেন, “মনে রাখা উচিত, আমাদের হাত তাদের (পাকিস্তানের) গলা পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা রাখে।”

তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আফগান সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত এবং যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তারা সক্ষম।

অন্যদিকে, পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী অভিযানের ক্ষয়ক্ষতির একটি খতিয়ান তুলে ধরেছেন। পাকিস্তানি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী— অভিযানে এখন পর্যন্ত ২৭৪ জন আফগান তালেবান সেনা ও সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৪০০ জন। লড়াইয়ে আফগান বাহিনীর ৭৩টি সামরিক চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৭টি চৌকি পাকিস্তানি বাহিনী নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। পাকিস্তানের দাবি, তারা আফগান বাহিনীর অন্তত ১১৫টি সাঁজোয়া যান (Armored vehicles) এবং ভারী কামান ধ্বংস করতে সক্ষম হয়েছে।

সীমান্তের এই পাল্টাপাল্টি হুমকি ও সামরিক তৎপরতা দুই প্রতিবেশী দেশের মধ্যে গভীর অস্থিরতা সৃষ্টি করেছে, যা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...