নোয়াখালীর সেনবাগে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক বলেছেন, প্রকৃত অসহায় ও নিম্নআয়ের মানুষের কাছেই সরকারি সহায়তা পৌঁছাতে হবে।
শনিবার বিকেলে সেনবাগ উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী, স্বর্ণের চেইন পরা গলার কোনো সচ্ছল মানুষ যেন ফ্যামিলি কার্ড না পায়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, মানুষের কাছে অর্থমূল্যের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো—রাজনৈতিক নেতারা তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন কি না।
অনুষ্ঠানে কাদরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৩৮৮ জন নারীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স ভবনে আয়োজিত এ কর্মসূচিতে উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে কার্ড তুলে দেওয়া হয়।
এ সময় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। জেলা পুলিশ সুপারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক পরিচয় দেখে কাউকে ছাড় দেওয়া যাবে না। বিএনপির কেউ অপরাধে জড়িত থাকলেও তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।
তিনি বলেন, “ইয়াবা ব্যবসা, নারীদের উত্ত্যক্ত করা এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ করতে পারলেই একজন পুলিশ সুপারের প্রকৃত সফলতা প্রমাণিত হবে।”
সেনবাগ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ শফিকুল ইসলাম। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
