পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। তবে ছুটি শুরুর আগে দুই দিন সব তফসিলি ব্যাংকের শাখা-উপশাখা স্বাভাবিক সময়সূচিতে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকে পাঠায়। নির্দেশনা অনুযায়ী, আগামী ২৩ ও ২৪ মে সব ব্যাংক স্বাভাবিক নিয়মে কার্যক্রম পরিচালনা করবে। এরপর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংকগুলো বন্ধ থাকবে।
তবে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট লেনদেন সচল রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প এলাকার সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত আকারে খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব শাখায় শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সীমিত সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে ব্যাংকিং সেবা দেওয়া হবে।
নির্দেশনা অনুযায়ী, ওই দুই দিনে অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।
