ইরানের সঙ্গে সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক উড়োজাহাজ ও ড্রোন ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য সামনে এসেছে। মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা Congressional Research Service (সিআরএস)-এর প্রকাশিত এক নথিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, সংঘাতের সময় যুক্তরাষ্ট্রের মোট ৪২টি সামরিক আকাশযান ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪টি ‘এফ-১৫ই স্ট্রাইক ইগল’ যুদ্ধবিমান এবং ১টি ‘এ-১০’ আক্রমণাত্মক যুদ্ধবিমান।
এছাড়া সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে মার্কিন ড্রোন বহর। প্রতিবেদনে বলা হয়েছে, ২৪টি ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন এবং ১টি ‘এমকিউ-৪সি ট্রাইটন’ নজরদারি ড্রোন ধ্বংস হয়েছে।
নথিতে আরও উল্লেখ করা হয়, ১টি ‘ই-৩ সেন্ট্রি অ্যাওয়াকস’ নজরদারি বিমান এবং ২টি ‘এমসি-১৩০জে’ সামরিক পরিবহন বিমানও হারিয়েছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে, আকাশে জ্বালানি সরবরাহে ব্যবহৃত ৭টি ‘কেসি-১৩৫’ বিমানের মধ্যে ২টি সম্পূর্ণ ধ্বংস এবং আরও ৫টি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।
এছাড়া ইরানের বিমানবিধ্বংসী ব্যবস্থার হামলায় ১টি ‘এফ-৩৫এ’ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যও উঠে এসেছে। একইসঙ্গে ছোট অস্ত্রের গুলিতে ১টি ‘এইচএইচ-৬০ডব্লিউ’ হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
