রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

বিশ্ববাজারে ফের কমল সোনার দাম

প্রথম সমাচার ডেস্ক ২২ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

বিশ্ববাজারে টানা কমছে সোনার দাম। ডলার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে—এমন আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক সোনার বাজারে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে স্পট মার্কেটে সোনার দাম প্রতিআউন্সে শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৪ হাজার ৫২৭ দশমিক ৬০ ডলারে নেমেছে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত মূল্যবান ধাতুটির দাম প্রায় শূন্য দশমিক ২ শতাংশ কমেছে।

একই সময়ে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দামও শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতিআউন্স ৪ হাজার ৫২৯ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান মেরেক্সের বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বলেন, দীর্ঘ সময় উচ্চ সুদের হার বহাল থাকায় ডলার আরও শক্তিশালী হচ্ছে, যা সোনার দাম কমার প্রধান কারণ।

সোনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও কমেছে। শুক্রবার রুপার দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতিআউন্স ৭৬ দশমিক ৫৩ ডলারে নেমেছে। এছাড়া প্লাটিনামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমেছে।

এদিকে দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...