লেবানন সীমান্তের কাছে উত্তর ইসরাইলে হিজবুল্লাহর ড্রোন হামলায় একজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন রিজার্ভ সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আইডিএফের এক বিবৃতিতে জানানো হয়, বিস্ফোরকবাহী ড্রোন হামলায় নিহত সেনার নাম সার্জেন্ট রোটেম ইয়ানাই।
সংঘাতের পটভূমিতে উল্লেখ করা হয়, ১৬ এপ্রিল লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হলেও সীমান্ত অঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে। ওই সময়ের পর থেকে লেবাননে ইসরাইলি হামলা এবং এর পাল্টা প্রতিক্রিয়ায় হিজবুল্লাহর হামলা চলমান রয়েছে। আইডিএফের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে অন্তত ১১ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন, যার মধ্যে সাতজন বিস্ফোরক ড্রোন হামলায় প্রাণ হারান।
এর আগে সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলি সামরিক বাহিনী লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে অভিযান জোরদার করেছে। চলতি সপ্তাহে আইডিএফের এক কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, এসব অভিযানের উদ্দেশ্য হলো হিজবুল্লাহর ড্রোন হামলার সক্ষমতাকে ইসরাইল সীমান্ত থেকে আরও দূরে সরিয়ে দেওয়া।
সূত্র: সিএনএন
