শুক্রবার, ০৫ জুন ২০২৬
Logo
×

বোমাবর্ষণের মধ্যেও শুরু হচ্ছে ইসরাইল–লেবানন আলোচনা

প্রথম সমাচার ডেস্ক ২৮ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

মার্কিন মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে। আগামীকাল সামরিক কর্মকর্তাদের একটি প্রযুক্তিগত বৈঠকের মাধ্যমে এ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এরপর জুনের প্রথম সপ্তাহে কূটনৈতিক পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হওয়ার সূচি নির্ধারিত হয়েছে।

তবে আলোচনার আগমুহূর্তে সীমান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। লেবাননের টায়ার শহরের বাসিন্দা ওবায়দা হিতো জানিয়েছেন, গত দুই দিনে ইসরাইলি বাহিনী স্থল অভিযান উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।

প্রতিবেদনে বলা হচ্ছে, দক্ষিণ লেবাননে সম্ভাব্য বড় ধরনের সামরিক অভিযানের আশঙ্কার মধ্যে ইসরাইলি বাহিনী লিতানি নদী অতিক্রম করে আরও ভেতরে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। পাশাপাশি সীমান্তের ভেতরে প্রায় ১০ কিলোমিটার গভীর একটি “নিরাপত্তা অঞ্চল” গড়ে তোলার কথাও জানা গেছে।

বিশ্লেষকদের ধারণা, আলোচনার আগে মাঠপর্যায়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতেই ইসরাইল এমন অভিযান চালাচ্ছে।

অন্যদিকে ইসরাইলের দাবি, লেবানন সরকারকে দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে কার্যকর ভূমিকা নিতে হবে। ২০২৪ সালে উভয় পক্ষের মধ্যে একটি যৌথ প্রক্রিয়া গঠনের বিষয়ে সমঝোতা হলেও তা বাস্তবায়নে লেবাননের পদক্ষেপ যথেষ্ট নয় বলে অভিযোগ করছে তেলআবিব।

এদিকে লেবানন সরকার ক্রমবর্ধমান মানবিক সংকট ও সীমিত সম্পদের কারণে জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে। ফলে আসন্ন আলোচনা কতটা কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

লেবাননের সাধারণ জনগণ যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও হতাশার মধ্যে রয়েছেন এবং তারা আলোচনায় সরকারের আরও শক্ত অবস্থান প্রত্যাশা করছেন।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...