ঈদুল আজহার আনন্দ ও সৌহার্দ্য ভাগাভাগি করে নিতে তুরস্কের ইস্তানবুলে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষা ও সংস্কৃতি সংস্থা (বেকদের)-এর আয়োজনে গত ২৯ মে শুক্রবার বিকেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক ইস্তানবুল বিজয়ের (২৯ মে) স্মরণীয় দিনে বসফরাস প্রণালী ও মারমারা সাগরের মিলনস্থলে অবস্থিত ইয়েনিকাপি ময়দানে আয়োজিত এ অনুষ্ঠানে ইস্তানবুলসহ আশপাশের বিভিন্ন শহর থেকে আগত শতাধিক বাংলাদেশি পরিবার, শিক্ষক, শিক্ষার্থী ও পেশাজীবী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রবাস জীবনের ব্যস্ততার মধ্যেও ঈদের আনন্দ একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নিতে উপস্থিত বাংলাদেশিদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।
বেকদের-এর কো-অর্ডিনেটর ড. রহমত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য ড. নুর উদ্দিন হামিম, ড. আব্দুল্লাহ আল মামুন, জনাব নেয়ামত উল্লাহ, ড. আ ফ ম শাহেন শাহ, ব্যবসায়ী জনাব রাকিবুল ইসলাম এবং ইস্তানবুল স্টুডেন্টস উইংয়ের সভাপতি মিনহাজুল আবেদীন। অনুষ্ঠান বাস্তবায়নে ইস্তানবুলে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী পেশাজীবীদের সক্রিয় অংশগ্রহণ বিশেষভাবে পরিলক্ষিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বেকদের-এর চেয়ারম্যান ড. মিজানুর রহমান প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সাংস্কৃতিক বন্ধন এবং জাতীয় পরিচয়কে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তিনি ভবিষ্যতেও কমিউনিটির কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
দিনব্যাপী আয়োজনে শিশু-কিশোর, তরুণ ও বয়স্কদের জন্য বিভিন্ন খেলাধুলা, বিনোদনমূলক কার্যক্রম এবং সাংস্কৃতিক পরিবেশনার ব্যবস্থা করা হয়। এতে অংশগ্রহণকারীরা প্রাণবন্ত সময় উপভোগ করেন এবং পারিবারিক মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠান।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করে বাংলাদেশ শিক্ষা ও সংস্কৃতি সংস্থা (বেকদের)। বাংলাদেশি ঐতিহ্যবাহী স্বাদে প্রস্তুত কোরবানির মাংস ও রুটি পরিবেশন করা হলে অতিথিরা এর ভূয়সী প্রশংসা করেন।
প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক বন্ধনকে আরও সুসংহত করার লক্ষ্যে বেকদের-এর এ উদ্যোগ অংশগ্রহণকারীদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
