বুধবার, ০৩ জুন ২০২৬
Logo
×
যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানকে আহ্বায়ক এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়

সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মানোন্নয়নে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আত্মপ্রকাশ

প্রথম সমাচার ডেস্ক ০৩ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে গঠিত হয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)। মঙ্গলবার রাজধানীতে দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা এ সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা দেন।

বৈঠকে যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানকে আহ্বায়ক এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্য হলেন— নয়া দিগন্ত সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, সংগ্রাম সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, ওয়াদা সম্পাদক শফিকুল আলম, মানব কণ্ঠ সম্পাদক শহীদুল ইসলাম, লোকসমাজ সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, দ্য ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর এবং জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর।

বৈঠকে বক্তারা বলেন, দীর্ঘ সময় ধরে সংবাদমাধ্যমের ওপর নানা ধরনের চাপ, সীমাবদ্ধতা ও পেশাগত সংকটের কারণে সাংবাদিকতা ও সংবাদপত্র শিল্পের স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়েছে। এ বাস্তবতায় স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই নতুন এই সংগঠনের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে।

সভায় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সম্পাদক ও সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ এবং জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের সংবাদপত্র সম্পাদকদের অংশগ্রহণে শিগগিরই একটি জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আয়োজকদের আশা, ন্যাশনাল এডিটরস কাউন্সিল দেশের সংবাদমাধ্যমের স্বাধীনতা, পেশাগত মানোন্নয়ন এবং সম্পাদকদের স্বার্থরক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...