বুধবার, ০৩ জুন ২০২৬
Logo
×

কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

প্রথম সমাচার ডেস্ক ০৪ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) জান্নাত-উল-ফরহাদ। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যাসহ পৃথক ১২টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভের পর তার মুক্তির পথ সুগম হয়। সর্বশেষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত সব মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখায় কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা ছিল না।

গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আন্দোলন-সংশ্লিষ্ট বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় পর্যায়ক্রমে জামিন পাওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার রাতে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

ডা. সেলিনা হায়াৎ আইভী দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর টানা তিনবার মেয়র নির্বাচিত হন। এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।

সূত্র: কারা অধিদপ্তর ও সংশ্লিষ্ট আদালত সূত্র

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...