দীর্ঘ ৩৯১ দিনের কারাজীবন শেষে মুক্তি পেয়ে মানবিক রাষ্ট্র ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী।
বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি। পরে পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে নারায়ণগঞ্জে নিজ বাসভবন ‘চুনকা কুটিরে’ ফেরেন।
বাড়িতে ফেরার আগে আইভী মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে তার বাবা ভাষাসৈনিক ও সাবেক জনপ্রতিনিধি আলী আহাম্মদ চুনকা, মা মমতাজ বেগম এবং প্রয়াত ছোট ভাইয়ের কবর জিয়ারত করেন। রাত সাড়ে ১২টার দিকে তিনি দেওভোগের পারিবারিক বাসভবনে পৌঁছালে স্বজন ও সমর্থকদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
কারামুক্তির পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে আইভী বলেন, “আমি এমন একটি মানবিক রাষ্ট্র দেখতে চাই, যেখানে বিচার ও ন্যায়বিচার সবার জন্য সমানভাবে নিশ্চিত হবে। কারাগারে অনেক নারী রয়েছেন, যারা নিজেদের নির্দোষ দাবি করেন। আমি আশা করি, তাদের প্রতিও মানবিক দৃষ্টিভঙ্গি দেখানো হবে।” তিনি বিচার বিভাগ, আইনজীবী এবং তার মুক্তির প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০২৫ সালের ৯ মে বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট একটি মামলায় গ্রেপ্তার হন আইভী। পরবর্তীতে তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একাধিক মামলায় জামিন পেলেও নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর কারণে তার মুক্তি বিলম্বিত হয়। পরবর্তীতে উচ্চ আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে সব মামলায় জামিন বহাল থাকায় তার মুক্তির পথ সুগম হয়। আইভীর আইনজীবীরা দাবি করেন, তাকে দীর্ঘ সময় কারাগারে রাখতে ধারাবাহিকভাবে নতুন মামলায় সম্পৃক্ত করা হয়েছিল।
আইভীর মুক্তিকে ঘিরে নারায়ণগঞ্জে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। তার সমর্থকদের মতে, দীর্ঘ কারাবাস শেষে রাজনৈতিকভাবে তিনি আবারও সক্রিয় ভূমিকা রাখতে পারেন। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলমান মামলাগুলোর নিষ্পত্তি এবং দেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টানা তিনবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়া ডা. সেলিনা হায়াৎ আইভী দীর্ঘদিন ধরেই জেলার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার মুক্তির মধ্য দিয়ে নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
