ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) সতর্ক করে দিয়ে বলেছে, লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার না করা পর্যন্ত মধ্যপ্রাচ্যে কোনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, আঞ্চলিক যুদ্ধে যুদ্ধবিরতি মেনে নেওয়ার প্রাথমিক শর্ত হলো লেবাননসহ সকল রণাঙ্গনে একযোগে যুদ্ধবিরতি কার্যকর করা।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলকে অবিলম্বে লেবাননের জনগণের ওপর হামলা বন্ধ করতে হবে এবং অধিকৃত লেবানন ভূখণ্ড খালি করে আন্তর্জাতিক সীমান্তের পেছনে সরে যেতে হবে। একই সঙ্গে লেবাননের ভূখণ্ডগত অখণ্ডতাকে স্বীকৃতি দিতে হবে বলেও দাবি জানানো হয়।
উল্লেখ্য, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনা উপস্থিতি নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। এই পরিপ্রেক্ষিতে আইআরজিসির এই কঠোর বিবৃতি মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
