পূর্বধলা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদ (ডুপসা)-এর উদ্যোগে নবীনবরণ, শিক্ষাবৃত্তি প্রদান এবং বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট অডিটরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব নাজমা বেগম (এনডিসি), জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল জুনায়েদ আহমেদ, সাবেক ছাত্রনেতা ও পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য সচিব এএসএম শহীদুল্লাহ্ ইমরান, জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কন্ট্রোলার মো. মতিউর রহমান খান পাঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান শামীম, অবসরপ্রাপ্ত ব্যাংকার ও ঢাকাস্থ পূর্বধলা সমিতির আহ্বায়ক আবদুর লতিফ, হোপেস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. আব্দুর রাজ্জাক তালুকদার, ইউরোপীয় ইউনিয়নের প্রোগ্রাম অ্যাসোসিয়েট (লিগ্যাল) রাসেল মেহেদী পারভেজ, লালবাগ বিভাগের এডিসি আমিনুল ইসলাম রাতুল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জি এম ফখরুল ইসলাম, সহকারী অধ্যাপক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রেজাউল করিম রাজ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন লিমনসহ অনেকে।
অনুষ্ঠানে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় ডুপসার সিনিয়র উপদেষ্টা অতিরিক্ত আইজিপি (অব.) এবং বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক (গ্রেড–১) আনসার উদ্দিন খান পাঠান এবং যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খানকে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ব্যস্ততার কারণে তাঁরা উপস্থিত থাকতে না পারলেও তাঁদের দিকনির্দেশনা ও সহযোগিতা আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
নবীনবরণ পর্বে মঞ্চে আগত অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা আক্তার সূচি ও অঙ্গনা পাল। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন অতিথিরা। একই সঙ্গে আটজন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি মো. মতিউর রহমান তাঁর বক্তব্যে বলেন, শুরু থেকেই তিনি তাঁর মায়ের নামে এই শিক্ষাবৃত্তি প্রদান করে আসছেন। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহায়ক ভূমিকা রাখবে এবং তাদের উচ্চশিক্ষায় অনুপ্রেরণা জোগাবে। তিনি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় মনোযোগী হলেই চলবে না, পাশাপাশি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে সামাজিক ও পরিবেশগত উন্নয়নমূলক কার্যক্রমেও সম্পৃক্ত হতে হবে। ভবিষ্যৎ কর্মজীবনে সফল হতে আন্তরিক প্রচেষ্টা ও সুশৃঙ্খল প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন তারা।
সংগঠনের সাধারণ সম্পাদক এবং স্যার এ এফ রহমান হল সংসদের সংস্কৃতি সম্পাদক ইফাদ হোসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জি এম ফখরুল হাসান। সভাপতিত্ব করেন ডুপসা সভাপতি মুর্তূজা হাসান খান ফাহিম। অনুষ্ঠানে পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি অভি, সুমন আহমেদ সম্রাট, সাবেক সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দিন রানা, লিমন খান রানা, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং পূর্বধলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও নেতৃত্ব বিকাশে ধারাবাহিক সেমিনার, সামাজিক কার্যক্রম এবং শিক্ষাবৃত্তি কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
