মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিতব্য আসন্ন শান্তি আলোচনার আগে আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে গাজার ভবিষ্যৎ নিরাপত্তা ও দলের অবস্থান স্পষ্ট করেছেন হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা হুসাম বদরান।
তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, হামাস তাদের অস্ত্র পুরোপুরি ত্যাগ বা সমর্পণ করবে না; বরং ফিলিস্তিনি দলগুলোর সাথে একটি সমন্বিত জাতীয় সিদ্ধান্তের পরই কেবল অস্ত্রের চূড়ান্ত বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
তবে একটি বড় ছাড় দিয়ে তিনি উল্লেখ করেন, গাজার প্রশাসনিক দায়িত্ব নেওয়ার জন্য যখন ফিলিস্তিনিদের যৌথ কমিটি (NCAG) দায়িত্ব পালন শুরু করবে, তখন গাজার রাস্তাঘাটে কোনো প্রকাশ্য অস্ত্র বা সশস্ত্র মহড়া থাকবে না। ওই সময়ে গাজা উপত্যকার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার জন্য শুধুমাত্র অফিশিয়াল ফিলিস্তিনি পুলিশই কেবল প্রকাশ্যে অস্ত্র বহন করার অনুমতি পাবে।
সাক্ষাৎকারে বদরান ইসরায়েলের বিরুদ্ধে মার্কিন মধ্যস্থতায় হওয়া পূর্ববর্তী যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো ৩০ শতাংশও বাস্তবায়ন না করার অভিযোগ তোলেন।
ফলে চলমান অচলাবস্থা কাটাতে এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত নিশ্চিত করতে হামাস একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির (Hudna) প্রস্তাবের দিকে ইঙ্গিত করেছে, যার চূড়ান্ত রূপরেখা ফিলিস্তিনের নিজস্ব জাতীয় কাঠামোর মধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।
আল-জাজিরা হতে অনুদিত
