শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

২৩ দিনের মাথায় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন

প্রথম সমাচার ডেস্ক ০৬ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

নিয়োগের মাত্র ২৩ দিনের মাথায় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি দিয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১৪ মে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া। দায়িত্ব গ্রহণের ২৩ দিনের মাথায় শনিবার তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক মো. আমির হোসেনকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য নতুন উপাচার্যকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন। তবে প্রয়োজনবোধে আচার্য যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। পাশাপাশি উপাচার্যকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্য একটি প্রজ্ঞাপনে অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়াকে উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার মূল কর্মস্থলে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পরিবর্তনের অংশ হিসেবে উপাচার্য নিয়োগে রদবদল শুরু করে। এর ধারাবাহিকতায় গত ১৪ মে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। অব্যাহতিপ্রাপ্তদের বেশিরভাগই অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পেয়েছিলেন।

একই দিনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলেও কয়েক ঘণ্টার মধ্যেই সেই নিয়োগ বাতিল করা হয়।

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এম মাহফুজুর রহমানকেও তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি ২০২৪ সালের সেপ্টেম্বরে এ দায়িত্বে নিয়োগ পেয়েছিলেন।

অন্যদিকে নবপ্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...