শনিবার, ১৩ জুন ২০২৬
Logo
×

ছয় দফা দাবিতে সারাদেশে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

প্রথম সমাচার ডেস্ক ০৭ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি সাম্প্রতিক নোটিশ এবং চিকিৎসকদের প্রতি ধারাবাহিক বৈষম্য, অবমূল্যায়ন ও নিরাপত্তাহীনতার প্রতিবাদে দেশের সকল মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা আজ বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করেছেন।

“বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদ”-এর ঘোষিত কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি জানিয়ে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সকল ইন্টার্ন চিকিৎসক আজ সন্ধ্যার ডিউটি থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আন্দোলনকারীরা মোট ছয়টি দাবি উত্থাপন করেছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে — এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়ন সংক্রান্ত কমিটির প্রস্তাবনা অবিলম্বে বাতিল করা; চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় কার্যকর স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন করা; নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের ন্যূনতম বেতন ৩০,০০০ টাকা এবং ট্রেইনি চিকিৎসকদের বেতন ৯ম গ্রেডের সমপর্যায়ে নির্ধারণ করা; বিএমইউ ও বিসিপিএসের পরীক্ষার ফি সর্বোচ্চ ১,০০০ টাকায় সীমিত রাখা;

বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা সাধারণ প্রার্থীদের তুলনায় দুই বছর বেশি অর্থাৎ ৩৪ বছর নির্ধারণ করা এবং বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট ও বাস্তবসম্মত বেতন কাঠামো তৈরি করা।

ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, তাদের ন্যায্য দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে। পাশাপাশি তারা কর্তৃপক্ষকে দ্রুত আলোচনায় বসে দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...