বলিউডে এ বছরের অন্যতম বহুল প্রতীক্ষিত ও আলোচিত সিনেমা ‘ককটেল ২’। শহীদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মান্দানা অভিনীত এই রোমান্টিক ঘরানার সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই দর্শক ও সিনেপ্রেমীদের মাঝে তুমুল আগ্রহের সৃষ্টি হয়েছে। সম্প্রতি মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়েছে। তবে সবচেয়ে বড় চমকপ্রদ খবর হলো, প্রেক্ষাগৃহে মুক্তির আগেই সিনেমাটি তার মোট নির্মাণ বাজেটের সিংহভাগ অর্থ ঘরে তুলতে সক্ষম হয়েছে।
বলিউডের বাণিজ্য বিশ্লেষকদের মতে, ‘ককটেল ২’ হিন্দি সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল রোমান্টিক প্রজেক্ট হিসেবে নির্মিত হয়েছে। বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন থেকে জানা গেছে, ছবিটির পেছনে নির্মাতাদের মোট বিনিয়োগ প্রায় ১৫০ কোটি রুপি। এর মধ্যে মূল নির্মাণ ব্যয় হয়েছে ৯৫ কোটি রুপি। এছাড়া সিনেমার প্রচার ও বিজ্ঞাপনী কার্যক্রমে খরচ ধরা হয়েছে আরও ২০ কোটি রুপি, যা একটি রোমান্টিক ঘরানার ছবির জন্য বেশ বড় অঙ্ক।
এই বিশাল বাজেটের পেছনে প্রধান তিন তারকা—শহীদ কাপুর, কৃতি স্যানন এবং রাশমিকা মান্দানার পারিশ্রমিকও একটি বড় ভূমিকা রেখেছে। জানা গেছে, এই তিন শীর্ষ তারকার সম্মিলিত পারিশ্রমিক বাবদ ব্যয় হয়েছে প্রায় ৩৫ কোটি রুপি। তবে বড় বাজেটের এই ঝুঁকি নির্মাতাদের জন্য দারুণভাবে সফল প্রমাণিত হয়েছে। প্রেক্ষাগৃহ স্বত্ব (থিয়েট্রিক্যাল রাইটস), ওটিটি ও ডিজিটাল স্বত্ব এবং মিউজিক রাইটস আগাম বিক্রি করেই মুক্তির আগে ছবিটির ৫০ শতাংশ অর্থাৎ প্রায় ৭৫ কোটি রুপি আয় নিশ্চিত হয়ে গেছে।
২০১২ সালে মুক্তি পাওয়া হোমি আদাজানিয়ার সুপারহিট সিনেমা ‘ককটেল’-এর সিক্যুয়েল এটি। এবারের পর্বটিও পরিচালনা করেছেন হোমি নিজেই। ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে এক অদ্ভুত গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। অনেকেই ধারণা করছিলেন, গল্পে কৃতি স্যানন ও রাশমিকা মান্দানার মধ্যে সমকামী প্রেমের সম্পর্ক দেখানো হয়েছে। ট্রেলার লঞ্চিং অনুষ্ঠানে এই গুঞ্জন নিয়ে মুখ খোলেন কৃতি এবং এটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।
কৃতি স্যানন ক্ষোভ প্রকাশ করে বলেন, দুজন ছেলে একসঙ্গে থাকলে মানুষ সেটিকে বন্ধুত্ব বা ‘ব্রোমান্স’ বলে সহজে মেনে নেয়, কিন্তু দুজন মেয়ে ঘনিষ্ঠ বন্ধু হলে মানুষ কেন অন্য কিছু ভাবতে শুরু করে, তা দুঃখজনক। অন্যদিকে পরিচালক জানান, শুটিং সেটে কৃতি ও রাশমিকার মধ্যকার দারুণ রসায়ন দেখে ইউনিটের সদস্যরা মজা করে যে মন্তব্য করেছিলেন, তা থেকেই এই গুজবের সূত্রপাত। সব বিতর্ক আর গুঞ্জন ছাপিয়ে মুক্তির আগেই ব্যবসায়িক এই বড় সাফল্য ‘ককটেল ২’ টিমকে বক্স অফিসে আরও বড় ঝড় তোলার আত্মবিশ্বাস জোগাচ্ছে।
