শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

পদত্যাগ করলেন বিএনপি মন্ত্রীর ছেলে, বিসিবি ছাড়লেন পরদিনই

প্রথম সমাচার ডেস্ক ০৮ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ার মাত্র একদিনের মাথায় পদত্যাগ করেছেন রাজশাহী অঞ্চল থেকে নির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত। সোমবার (৮ জুন) তিনি বিসিবি সভাপতি ও বোর্ডপ্রধান তামিম ইকবালের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে মীর সীমান্ত ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততাকে দায়িত্ব ছাড়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, বিসিবির মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য প্রয়োজনীয় সময় ও মনোযোগ দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।

মীর সীমান্ত ক্ষমতাসীন বিএনপি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব তার ওপর বর্তেছে বলে জানিয়েছেন তিনি।

বর্তমানে একাধিক ফিলিং স্টেশন, অটো রাইস মিল, পুষ্টি চালের কার্নেল ফ্যাক্টরি, আয়োডিন ফ্যাক্টরি, পুষ্টি মিশ্রণ উৎপাদন কেন্দ্র, মিনি কোল্ড স্টোরেজ, কৃষি ও প্রাণী খামার, ফ্লাওয়ার মিলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম সরাসরি তদারকি করছেন মীর সীমান্ত।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হলেও পারিবারিক ব্যবসার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের কারণে বোর্ডের দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হবে না। এ কারণে প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় তিনি পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

একই সঙ্গে তিনি তার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতি তামিম ইকবালের প্রতি অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, পরিচালক নির্বাচিত হওয়ার পর থেকেই দায়িত্ব গ্রহণ না করার ইঙ্গিত দিয়েছিলেন মীর সীমান্ত। নির্বাচনের কয়েক দিন আগেই তিনি জানিয়েছিলেন, নির্বাচিত হলেও ব্যক্তিগত ব্যস্ততার কারণে দায়িত্ব পালন করা তার পক্ষে কঠিন হবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...