শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×
সংসদ অধিবেশন

ইসলামী ব্যাংকে অবৈধ হস্তক্ষেপ বন্ধের দাবিসহ একাধিক ইস্যু আলোচনা হবে সংসদে

প্রথম সমাচার ডেস্ক ০৯ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয় সংসদের আজকের অধিবেশনে একাধিক জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ ও আলোচনা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিকাল তিনটায় অনুষ্ঠিত এই বৈঠকে প্রশ্নোত্তর পর্ব ও বিধি-৭১ এবং বিধি-৬৮-এর আওতায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ নিষ্পত্তি ও আলোচনা হবে।

অধিবেশনের কার্যসূচি অনুযায়ী অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।

বিধি-৭১-এর আওতায় জরুরি মনোযোগ আকর্ষণ পর্বে বগুড়া-৪ আসনের মাননীয় সদস্য জনাব মোঃ মোশারফ হোসেন রাস্তা নির্মাণে টেন্ডার প্রক্রিয়া সহজীকরণ এবং জলাশয়ের সিমি গঠনে বেহাল দশা থেকে রক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করবেন।

লক্ষ্মীপুর-১ আসনের সদস্য জনাব মোঃ শাহাদাত হোসেন জাটকা ইলিশ রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে সাঁড়াশি অভিযান এবং নজরদারি জোরদারের দাবিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন।

চট্টগ্রাম-১৫ আসনের সদস্য জনাব শাহজাহান চৌধুরী চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের পতন রোধ, কাঁচা চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ফিরিয়ে আনার দাবিতে বাণিজ্য মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করবেন।

বিধি-৬৮-এর আওতায় সংক্ষিপ্ত আলোচনায় ঢাকা-১৫ আসনের সদস্য জনাব মোঃ শফিকুর রহমান দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষায় ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ারসমূহ প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ব্যাংকের ব্যবস্থাপনায় সকল প্রকার অন্যায় ও অবৈধ হস্তক্ষেপ বন্ধের দাবিতে আলোচনা উপস্থাপন করবেন।

অধিবেশনের সকল নোটিশের প্রতিলিপি পৃথকভাবে পরিবেশন করা হয়েছে বলে কার্যবিবরণীতে উল্লেখ রয়েছে। সংসদ সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত কার্যসূচিটি ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ তারিখে অর্থাৎ ৮ জুন ২০২৬ তারিখে জারি করা হয়।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...