সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীরা তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার মূল কারিগর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম।
তিনি বলেন, সংসদীয় ব্যবস্থাকে প্রাণবন্ত ও কার্যকর করে তুলতে ব্যক্তিগত সহকারীদের সচেতনতা ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের থ্রিডি হলে সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চীফ হুইপ বলেন, একজন সংসদ সদস্যের সাফল্যের পেছনে তাঁর সহকারীর বড় ভূমিকা থাকে, কারণ একজন এমপি তাঁর ব্যক্তিগত সহকারীকে অত্যন্ত বিশ্বাস করেন এবং তাঁর পরামর্শ মেনে চলেন। তিনি সহকারীদের উদ্দেশে বলেন, সংসদ সদস্যকে সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব তাঁদেরই, এবং সৎ কাজে সহায়তা করলে যেমন পুণ্যের অংশীদার হওয়া যায়, অসৎ কাজে সায় দিলে পাপের ভাগও বহন করতে হবে।
বাজেট প্রসঙ্গে চীফ হুইপ বলেন, বাজেট কেবল একটি সংখ্যা নয়, এটি জনগণের আশা ও প্রত্যাশার প্রতিফলন। দেশের প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে সরকারকে কর দিয়ে থাকেন, সেই করের অর্থের সুষম বণ্টন নিশ্চিত করে কীভাবে জনজীবনের উন্নয়ন ঘটানো যায়, সে বিষয়ে গভীরভাবে অধ্যয়ন করতে সহকারীদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরোয়ার ভুইয়া। স্বাগত বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের জাতীয় উপদেষ্টা ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। এ ছাড়া সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
