বুধবার, ১০ জুন ২০২৬
Logo
×

ব্যভিচার মামলায় নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির খালাস

প্রথম সমাচার ডেস্ক ১০ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে ব্যভিচার, প্রলোভন দেখিয়ে অন্যের স্ত্রীকে নিয়ে যাওয়া এবং মানহানির অভিযোগে দায়ের করা মামলায় খালাস দিয়েছেন আদালত।

বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নাসির ও তামিমা আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আনা অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। ফলে তাদের খালাস দেওয়া হয়েছে।

এর আগে গত ৬ মে মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত রায়ের জন্য ১০ জুন দিন নির্ধারণ করেন। শুনানিতে বাদীপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানালেও আসামিপক্ষ তাদের নির্দোষ দাবি করে অব্যাহতি প্রার্থনা করে।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব হাসান আদালতে মামলাটি দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০১১ সালে তামিমার সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে।

পরে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নাসির হোসেন ও তামিমার বিয়ের ছবি প্রকাশিত হলে বিষয়টি তার নজরে আসে। এরপর তিনি আদালতের শরণাপন্ন হন।

বাদীপক্ষের অভিযোগ ছিল, বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেন এবং এতে তার সামাজিক ও ব্যক্তিগত ক্ষতি হয়েছে। পাশাপাশি তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও মামলায় উল্লেখ করা হয়।

২০২২ সালের ৯ ফেব্রুয়ারি আদালত নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। তবে মামলার অপর আসামি ও তামিমার মা সুমি আক্তারকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

পরবর্তীতে অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে আসামিপক্ষ এবং অব্যাহতির আদেশের বিরুদ্ধে বাদীপক্ষ উচ্চতর আদালতে আবেদন করলেও তা খারিজ হয়। ফলে মামলার বিচারিক কার্যক্রম অব্যাহত থাকে।

মামলাটিতে মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যগ্রহণ, আত্মপক্ষ সমর্থন এবং যুক্তিতর্ক শেষে আদালত আজ চূড়ান্ত রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার মাধ্যমে প্রায় পাঁচ বছর ধরে চলা আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রমের সমাপ্তি ঘটল।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...