শনিবার, ১৩ জুন ২০২৬
Logo
×
পুলিশের বিভিন্ন ইউনিটে রদবদল

পাঁচ জেলায় নতুন এসপি

প্রথম সমাচার ডেস্ক ১১ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

দেশের পাঁচ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে পুলিশের বিভিন্ন ইউনিট ও দপ্তরে কর্মরত একাধিক কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে এই পদায়ন ও বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন নিয়োগ অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আবু সাইমকে পঞ্চগড়, ডিএমপির ডিসি মো. মনিরুল ইসলামকে মৌলভীবাজার, ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি এন. এম. নাসিরুদ্দিনকে নোয়াখালী এবং ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে ঝিনাইদহ জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ফেনী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এর আগে তিনি নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

রদবদলের অংশ হিসেবে পঞ্চগড়ের বর্তমান এসপি মো. মিজানুর রহমান ও মৌলভীবাজারের এসপি মো. রিয়াজুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। নোয়াখালীর বর্তমান এসপি টি এম মোশাররফ হোসেনকে বদলি করে সিআইডির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে ঝিনাইদহের বর্তমান এসপি মো. মাহফুজ আফজালকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পদায়ন করা হয়েছে। এছাড়া পূর্বে ফেনীর এসপি হিসেবে বদলির আদেশ পাওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...