শনিবার, ১৩ জুন ২০২৬
Logo
×

ইরান–যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ১৪ দফা সমঝোতা স্মারকের খসড়া প্রকাশ

প্রথম সমাচার ডেস্ক ১২ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য একটি সমঝোতা স্মারকের ১৪ দফা খসড়ার বিস্তারিত প্রকাশ করেছে ইরানের সংবাদমাধ্যম। প্রকাশিত তথ্য অনুযায়ী, খসড়ায় যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা প্রত্যাহার, অর্থনৈতিক পুনর্গঠন এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তৃত আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে।

খসড়া অনুযায়ী, লেবাননসহ সংশ্লিষ্ট সব ফ্রন্টে অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং দেশটির সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের অঙ্গীকার করবে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করা হবে এবং ইরানের পার্শ্ববর্তী অঞ্চলগুলো থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। একই সময়ের মধ্যে ইরানের তত্ত্বাবধানে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

অর্থনৈতিক অংশে ইরানি তেল ও পেট্রোরাসায়নিক পণ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করা এবং এসব খাত থেকে অর্জিত আয়ের ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করার কথা বলা হয়েছে। এছাড়া ইরানের পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পক্ষ থেকে কমপক্ষে ৩০০ বিলিয়ন ডলারের সহায়তা পরিকল্পনার কথাও উল্লেখ রয়েছে।

খসড়ায় পারমাণবিক ইস্যু এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ৬০ দিনের আলোচনার সময়সীমা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। এর বিনিময়ে ইরান পুনর্ব্যক্ত করবে যে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং আন্তর্জাতিক অঙ্গীকার মেনে চলবে।

আলোচনাকালে যুক্তরাষ্ট্র নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না এবং অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন থেকেও বিরত থাকবে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে ইরানের জব্দকৃত ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ধাপে ধাপে মুক্ত করার প্রস্তাবও রয়েছে।

চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য একটি আন্তর্জাতিক তদারকি ব্যবস্থা গঠনের কথা বলা হয়েছে। পাশাপাশি চূড়ান্ত সমঝোতাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে অনুমোদনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

খসড়ার শেষ অংশে উল্লেখ করা হয়েছে, চূড়ান্ত আলোচনার মূল বিষয় হবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের অর্থনৈতিক পুনর্গঠন। তবে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের বিষয় আলোচনার বাইরে থাকবে।

সূত্র: মেহর নিউজ এজেন্সি

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...