ইংল্যান্ডের মাটিতে পর্দা উঠেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। ১২ দলের এই বিশ্বমঞ্চে আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে আজ বিকাল সাড়ে ৩টায় টাইগ্রেসদের প্রতিপক্ষ টুর্নামেন্টের নবাগত দল নেদারল্যান্ডস।
কাগজে-কলমে ডাচ্দের চেয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশের জন্য ম্যাচটি সহজ হবে না। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে দুই প্রস্তুতি ম্যাচে হার দেখেছে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় টাইগ্রেসরা। তবে হারের বৃত্তে থাকলেও নেতিবাচক কিছু দেখছেন না বাংলাদেশ অধিনায়ক। প্রস্তুতি ম্যাচের ভুলগুলো শুধরে আজ জয়ে চোখ রাখছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘প্রস্তুতি ম্যাচ দুটি থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমরা সেই ইতিবাচক বিষয়গুলোই কাজে লাগাতে চাই। আমাদের ঘাটতিগুলো নিয়ে নিজেদের মধ্যে কথা বলেছি এবং অনুশীলনে তা নিয়ে কাজও করা হয়েছে। আশা করছি প্রথম ম্যাচেই দল ভালো কিছু উপহার দেবে।’ অধিনায়ক জ্যোতির ভরসা এখন দলের তরুণ তুর্কিদের ওপর।
