চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এবং উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছে ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
আজ বিশ্ববিদ্যালয় কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চবি শাখার একদল উদ্যমী প্রতিনিধি উপস্থিত ছিলেন। এদের মধ্যে নেতৃত্ব দেন চবি শাখার সভাপতি আই এইচ ইমন, সাংগঠনিক সম্পাদক আজিজ ওয়েসি এবং সহ-সাংগঠনিক সম্পাদক কারিশমা ইরিন। এছাড়াও ফোরামের অন্যান্য সাধারণ সদস্যবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে নবনিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সফিকুল ইসলাম ফোরামের সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি তরুণ লেখকদের এই সংগঠনের পাশে সবসময় থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সংগঠনটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
এদিকে সংগঠনের মূল মন্ত্র ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’—এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখায় বর্তমানে ৬০০-এরও অধিক লেখক যুক্ত আছেন শুনে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন নবনিযুক্ত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।
তিনি তরুণ কলাম লেখকদের এই সৃজনশীল যাত্রাকে স্বাগত জানান এবং ফোরামের যেকোনো ইতিবাচক কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন।
উপ-উপাচার্যদ্বয়ের এমন আন্তরিক ও উৎসাহব্যঞ্জক সাড়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রশাসনের এই ইতিবাচক মনোভাব চবি শাখার সকল তরুণ লেখককে আরও মানসম্মত ও সমাজ সচেতনতামূলক লেখনী তৈরিতে অনুপ্রেরণা জোগাবে।
