কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপে নিজেদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে মাঠের লড়াই শুরুর আগেই আলজেরিয়াকে বধ করতে দলের রণকৌশল সাজাতে ব্যস্ত কোচ লিওনেল স্কালোনি। অনুশীলনে তাঁর নানা পরীক্ষা-নিরীক্ষা ইঙ্গিত দিচ্ছে, প্রথম ম্যাচেই চমক নিয়ে আসতে পারে আলবিসেলেস্তেরা।
প্রতিবেদন অনুযায়ী, অনুশীলনে কোচ স্কালোনি মূলত দুটি ভিন্ন ফরমেশন নিয়ে কাজ করছেন—প্রথাগত ৪-৪-২ এবং কিছুটা আক্রমণাত্মক ৩-৫-২। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৪-৪-২ ছকেই আর্জেন্টিনার মাঠে নামার সম্ভাবনা সবচেয়ে বেশি।
রক্ষণভাগ নিয়ে মধুর মাথাব্যথা
কোচ স্কালোনির জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় ভাবনার জায়গা দলের রক্ষণভাগ। চার ডিফেন্ডারের ছকে গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি ও লিসান্দ্রো মার্তিনেজকে দিয়ে শুরু করার পরিকল্পনা থাকলেও অনুশীলনে এসেছে পরিবর্তন। পরে রোমেরোর জায়গায় ফাকুন্দো মেদিনাকে লেফটব্যাকে পরখ করেছেন কোচ।
অন্যদিকে, স্কালোনি যদি শেষ মুহূর্তে ৩-৫-২ ছক বেছে নেন, তবে উইং-ব্যাক পজিশনে বড় পরিবর্তনের আভাস রয়েছে। সেক্ষেত্রে ডানপ্রান্তে জুলিয়ানো সিমিওনে এবং বাঁপ্রান্তে নিকোলাস গঞ্জালেসকে দেখা যেতে পারে।
মাঝমাঠ ও আক্রমণে ভরসা চেনা মুখরাই
রক্ষণে কিছুটা ধোঁয়াশা থাকলেও মাঝমাঠ ও আক্রমণভাগ নিয়ে অনেকটাই নিশ্চিত আর্জেন্টিনা শিবির। মাঝমাঠের নিয়ন্ত্রণ থাকবে চেনা ত্রয়ী—এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক আলিস্টার ও রদ্রিগো দি পলের হাতে। সেই সাথে একাদশে থিয়াগো আলমাদার থাকার সম্ভাবনাও বেশ জোরালো।
মেসির সঙ্গী কে?
সবচেয়ে বড় কৌতুহল ছিল আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গী হচ্ছেন কে? ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন হুলিয়ান আলভারেজ। তবে সাম্প্রতিক সময়ে ক্লাবের হয়ে দুর্দান্ত ফর্মে থাকায় শুরুর একাদশে লাউতারো মার্তিনেজই মেসির প্রধান সঙ্গী হিসেবে মাঠে নামার দৌড়ে এগিয়ে আছেন।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিতে স্কালোনির এই কৌশল কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
