যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণ বিশ্লেষণ এবং আলোচনার কৌশল নির্ধারণে মনোবিজ্ঞানীদের সহায়তা নিয়েছিল ইরান। মার্কিন সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজ-এর এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য যুদ্ধবিরতি ও সমঝোতার লক্ষ্যে পরিচালিত আলোচনায় ট্রাম্পের আচরণগত বৈশিষ্ট্য মূল্যায়ন এবং তার কাছে পাঠানো বার্তাগুলো আরও কার্যকরভাবে উপস্থাপনের জন্য ইরান বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করে।
ড্রপ সাইট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এক ইরানি কর্মকর্তা দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণগত ধরণ বিশ্লেষণ করে উপযুক্ত কূটনৈতিক বার্তা তৈরির উদ্দেশ্যে আলোচক দলের উপদেষ্টা পর্যায়ে দুইজন জ্যেষ্ঠ মনোবিজ্ঞানীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
তার ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল মাসে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার পরোক্ষ বৈঠকের পর এই বিশেষজ্ঞরা আলোচনার সঙ্গে যুক্ত হন। সে সময় উভয় পক্ষ সম্ভাব্য একটি সমঝোতা স্মারকের (এমওইউ) বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা করছিল।
ওই কর্মকর্তা আরও দাবি করেন, মনোবিজ্ঞানীদের সুপারিশ অনুযায়ী বার্তা ও লিখিত যোগাযোগের ধরনে পরিবর্তন আনার পর প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়, যা আলোচনার পরিবেশকে আরও অনুকূল করতে সহায়তা করেছে।
তবে ড্রপ সাইট নিউজের এই প্রতিবেদনের বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
