ক্রীড়া প্রতিবেদক: ফুটবল বিশ্বকাপ মানেই রোমাঞ্চ, গোল আর জয়-পরাজয়ের হিসাব। কিন্তু চলতি বিশ্বকাপের পঞ্চম দিনটি ফুটবল বিশ্বকে উপহার দিল সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা। কোনো দলই জেতেনি, আবার কেউ হারেনি। দিনের চারটি ম্যাচের সব কটিই শেষ হয়েছে সমতায়। আর এর মাধ্যমেই ফুটবল বিশ্ব সাক্ষী হলো ৬৮ বছর পর এক ঐতিহাসিক ও বিরল রেকর্ডের। ১৯৩০ সালে শুরু হওয়া ফিফা বিশ্বকাপের দীর্ঘ পথচলায় এক দিনে চারটি ম্যাচ ড্র হওয়ার ঘটনা এই নিয়ে মাত্র দ্বিতীয়বার ঘটল।
আসরের পঞ্চম দিনে মাঠে নেমেছিল আটটি দল। কিন্তু দিন শেষে সবাইকেই সন্তুষ্ট থাকতে হয়েছে পয়েন্ট ভাগাভাগি করে। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে পুরো ম্যাচ জুড়ে রুখে দিয়েছে লড়াকু কেপ ভার্দে, ম্যাচটি শেষ হয় ০-০ গোলশূন্য ড্রতে। অন্যদিকে বেলজিয়াম ও মিসরের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। ল্যাটিন আমেরিকার পরাশক্তি উরুগুয়ের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করে ১-১ গোলের সমতা রুখে দিয়েছে সৌদি আরব। দিনের সবচেয়ে রোমাঞ্চকর ও আক্রমণাত্মক ম্যাচটি উপহার দিয়েছে ইরান ও নিউজিল্যান্ড, যা শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে ড্র হয়।
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এক দিনে ৪টি ম্যাচ ড্র হওয়ার ঘটনা এর আগে কেবল একবারই ঘটেছিল—সুদূর ১৯৫৮ সালের ১৫ জুন সুইডেন বিশ্বকাপে। সেবার গ্রুপ পর্বে সুইডেন-ওয়েলস ম্যাচটি ০-০, যুগোস্লোভিয়া-প্যারাগুয়ে ম্যাচটি ৩-৩, ইংল্যান্ড-অস্ট্রিয়া ম্যাচটি ২-২ এবং নর্দান আয়ারল্যান্ড-জার্মানি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। দীর্ঘ ৬৮ বছর পর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল চলতি বিশ্বকাপে। পঞ্চম দিনের এই চার ড্রর পর গ্রুপ পর্বের সমীকরণ এখন আরও জটিল ও আকর্ষণীয় হয়ে উঠল, যার ফলে নক-আউট পর্বের ভাগ্য নির্ধারণে পরবর্তী ম্যাচগুলোর গুরুত্ব অনেক বেড়ে গেল।
