বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
সিরাজগঞ্জে খাস পুকুর দখলকে কেন্দ্র করে

আওয়ামী লীগের হামলায় বিএনপির ২ কর্মী নিহত

প্রথম সমাচার ডেস্ক ০২ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

সিরাজগঞ্জে পুকুর দখল নিয়ে সংঘর্ষে বিএনপির ২ কর্মী নিহত

​সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি সরকারি খাস পুকুর নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকালে ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

​নিহতরা হলেন— গোয়ালপাড়া গ্রামের ইসমাইল হোসেন (৭০)আব্দুস সালাম (৬০)। তারা উভয়েই স্থানীয় বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।

​ঘটনার প্রেক্ষাপট

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া গ্রামের ৫ বিঘার একটি খাস পুকুর নিয়ে আওয়ামী লীগ সমর্থক আছমত আলী এবং ধামাইনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিকের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। বিগত ১৫-১৬ বছর ধরে আছমত আলী স্থানীয় মসজিদের নামে লিজ নিয়ে পুকুরটি ভোগদখল করে আসছিলেন। বর্তমানে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি নেতা আবু বক্কার সিদ্দিক পুকুরটি ৩ বছরের জন্য লিজ নেন এবং মাছ চাষ শুরু করেন।

​যেভাবে সংঘর্ষের সূত্রপাত:

​সোমবার সকালে আবু বক্কার সিদ্দিক তার লোকজনকে সাথে নিয়ে পুকুরে জাল ফেলে মাছ ধরতে যান। এসময় আছমত আলীর সমর্থকরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তেই দেশীয় অস্ত্র (হাসুয়া, দা, লাঠি) নিয়ে উভয় পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আওয়ামী লীগ ও বিএনপি উভয় পক্ষের অন্তত ১১ জন গুরুতর আহত হন।

​পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কলের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল এবং সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আব্দুস সালাম মারা যান।

পুলিশের বলছে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান জানান, পুকুর নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং বর্তমানে মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।

​ধামাইনগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। অন্যদিকে, ঘটনার পর থেকে আওয়ামী লীগ সমর্থিতরা এলাকা ছেড়ে আত্মগোপনে থাকায় তাদের মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...