আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সিটিতে সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠকে প্রাথমিকভাবে আটটি সিটি করপোরেশনের জন্য প্রার্থী নির্ধারণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিন। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলের প্রার্থী হিসেবে রাখা হয়েছে সাবেক ডাকসু ভিপি মো. আবু সাদিককে।
এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনে মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, গাজীপুরে হাফিজুর রহমান, বরিশালে মুয়াযযম হোসাইন হেলাল, রংপুরে এ টি এম আজম খান, খুলনায় মোহাম্মদ মাহফুজুর রহমান এবং নারায়ণগঞ্জে মোহাম্মদ আবদুল জব্বারের নাম প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।
তবে দলীয় সূত্র জানিয়েছে, এসব নাম এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। জামায়াতের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিশে শুরার বৈঠকে অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
অন্যদিকে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের জন্য এখনো কোনো প্রার্থী চূড়ান্ত হয়নি। এসব এলাকায় একাধিক সম্ভাব্য প্রার্থীর বিষয়ে দল পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে এবং পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
