শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর

প্রথম সমাচার ডেস্ক ২৪ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ।

বুধবার (২৪ জুন ২০২৬) চীনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘সামার দাভোস’ সম্মেলনের সাইডলাইনে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ জোরদারের লক্ষ্যে ঢাকা ও আস্তানায় স্থায়ী দূতাবাস স্থাপনের বিষয়ে উভয় নেতা ইতিবাচক মত প্রকাশ করেন।

বৈঠকে রাজনৈতিক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য এবং জনগণের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে নিয়মিত সংলাপ ও উচ্চপর্যায়ের সফর বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি বিভিন্ন অর্থনৈতিক খাতে যৌথ উদ্যোগ বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।

আলোচনায় বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষিভিত্তিক শিল্প এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে সহযোগিতার সম্ভাবনাও উঠে আসে।

এ ছাড়া জাতিসংঘের অধীনে পানি কূটনীতি বিষয়ক একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার প্রস্তাবের প্রতি বাংলাদেশের সমর্থন কামনা করেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থনের কথা জানান।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...