বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে আনুষ্ঠানিকভাবে মন্ত্রীর সমমর্যাদা প্রদান করেছে ভারত সরকার।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, অগ্রাধিকার সারণী (টেবিল অব প্রেসিডেন্স) আনুষ্ঠানিকভাবে সংশোধন না করেই দীনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন মন্ত্রীর সমতুল্য মর্যাদা দেওয়া হয়েছে।
তবে এ মর্যাদা শুধুমাত্র আনুষ্ঠানিক কার্যক্রম ও রাষ্ট্রীয় অনুষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এটি ভারতের অগ্রাধিকার সারণীর স্থায়ী পরিবর্তন হিসেবে গণ্য হবে না বলেও স্মারকে উল্লেখ করা হয়েছে।
দীনেশ ত্রিবেদী ভারতের রাজনীতিতে পরিচিত একটি নাম। তিনি পশ্চিমবঙ্গের ব্যারাকপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি দুই দফায় ভারতের মন্ত্রিসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
নতুন দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে গত ৫ জুন তিনি ঢাকায় আসেন। বৃহস্পতিবার তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
বাংলা ভাষা, সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে ভালো ধারণা থাকা দীনেশ ত্রিবেদী সেতারবাদক হিসেবেও পরিচিত। কূটনৈতিক দায়িত্বের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও তার পরিচিতি রয়েছে।
